চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭২.০৭ শতাংশ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় কমেছে পাসের হার। এবার পাসের হার ৭২ দশমিক শূন্য ৭ শতাংশ। গত বছর ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন, গত বছর পেয়েছিল ১০ হাজার ৮২৩ জন। জিপিএ-৫-এর সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে।

বৃহস্পতিবার (১০ মে) সংবাদ সম্মেলনে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

এবার মোট পাস করেছে ১ লাখ ১ হাজার ১৮১ পরীক্ষার্থী। এবার ছেলেদের পাসের হার ৭১ দশমিক ৯৩ শতাংশ, মেয়েদের পাসের হার ৭২ দশমিক ১৯ শতাংশ।

বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ, গত বারের চেয়ে ২ শতাংশ কমেছে। ব্যবসায় শিক্ষায় ৭৩ দশমিক ৫৪ শতাংশ এবং মানবিক বিভাগে ৫৫ দশমিক শূন্য ২ শতাংশ।

জিপিএ-৫ পাওয়া ১১ হাজার ৮৪৩ জনের মধ্যে বিজ্ঞান বিভাগে ১০ হাজার ৪৫৮ জন, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ২৪৭ জন এবং মানবিকে ১৩৮ জন শিক্ষার্থী।