হীরকজয়ন্তী উদযাপনে শেষ মুহূর্তের প্রস্তুতি : চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপনের প্রস্তুতি চলছে। আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও হীরকজয়ন্তী উদযাপন করা হবে।

এ উপলক্ষে ক্যাম্পাসে চলছে মঞ্চ ও অনুষ্ঠানস্থল তৈরির কাজ।

সোমবার (১৬ নভেম্বর) ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠানস্থলে বাঁশ দিয়ে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ করতে দেখা যায় শ্রমিকদের।

এছাড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে মাঠজুড়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম চলতে দেখা যায়। নির্ধারিত সময়ের মধ্যে সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরে পদার্পণ উপলক্ষে হীরকজয়ন্তী উৎসব উদযাপন করা হবে। আমাদের এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রত্যেক উপকমিটির সদস্যরা তাদের শেষ মুহূর্তের কার্যক্রম সম্পন্ন করছে। আমরা আশা করছি একটি সুন্দর হীরকজয়ন্তী উদযাপন করতে পারব।