চট্টগ্রাম: সমতাপূর্ণ সুযোগ পেলে নারীরা নিজ যোগ্যতাতেই প্রতিষ্ঠিত হতে পারেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
রোববার (১৫ নভেম্বর) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় হোটেল আগ্রাবাদে ‘নেতৃত্বে নারী ও তরুণ: বাধা কোথায়?’ শীর্ষক সংলাপ ও কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, বেগম রোকেয়া, বেগম সুফিয়া কামাল ও মালালা ইউসুফজাইর মতো ব্যক্তিত্বরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা ও কাজের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের পথ অনুসরণ করে নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং নেতৃত্বে এগিয়ে আসতে হবে।
নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থন কিংবা পরিচয় অপরিহার্য নয়; ব্যক্তিগত যোগ্যতা, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেও নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।
বর্তমান তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ক্ষেত্রে শালীনতা, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের চর্চা করতে হবে। ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং যৌক্তিক সমালোচনা গ্রহণ করার মানসিকতা গড়ে তুলতে হবে।নৈতিক শিক্ষার ভিত্তি তৈরি হয় পরিবার থেকে।
নগরের উন্নয়ন ও স্থানীয় সরকারব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে প্রশাসক বলেন, নগরের সার্বিক উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কার্যকর ‘সিটি গভর্নমেন্ট’ বা নগর সরকার প্রতিষ্ঠা প্রয়োজন। বর্তমানে চট্টগ্রাম সিটি করপোরেশন ছাড়াও ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বন্দর কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থা নগরের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে। এসব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত না হলে নাগরিক দুর্ভোগ কমানো কঠিন।
তিনি বলেন, সিটি করপোরেশন রাস্তা নির্মাণ ও সংস্কার করলেও বিভিন্ন সেবা সংস্থার খোঁড়াখুঁড়ির কারণে অনেক সময় সড়ক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার দায়িত্ব সম্পর্কে অবগত না থাকায় সব দায় সিটি করপোরেশনের ওপর বর্তায়। নগরের উন্নয়ন ও নাগরিক সেবার ক্ষেত্রে দায়িত্বের সুস্পষ্ট বণ্টন এবং সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, নেতৃত্ব অর্জনের জন্য শুধু আবেগ কিংবা বক্তব্য যথেষ্ট নয়। পড়াশোনা, তথ্য-উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ এবং সমাজ ও রাষ্ট্রের বাস্তব সমস্যা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। কোন প্রতিষ্ঠানের দায়িত্ব কী, কোথায় কী ধরনের সীমাবদ্ধতা রয়েছে, তা জানতে হবে। নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে নেতৃত্বের পথ সুগম হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক সাগুফতা বুশরা মিশমা, রাঙামাটি জেলা জজ কোর্টের অ্যাডভোকেট ও মানবাধিকার কর্মী সুস্মিতা চাকমা, সিপিবির সভাপতি অশোক সাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান।
প্রশ্নোত্তর পর্বে তরুণ অংশগ্রহণকারীরা নারী নেতৃত্ব, রাজনৈতিক ক্ষমতায়ন ও পার্বত্য অঞ্চলের মানুষের পরিচয়সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। তাঁদের প্রশ্নে উঠে আসে দল থেকে পদত্যাগের পর নারীনেত্রীদের প্রতি আচরণ, নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে ক্ষমতায়ন, নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের সীমিত অংশগ্রহণ এবং পার্বত্য অঞ্চলের মানুষের পরিচয়সংক্রান্ত সংকট। বক্তারা এসব প্রশ্নের উত্তর দেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজনীন সরকার।


