চট্টগ্রাম: শিশুদের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও প্রয়োজনীয় দক্ষতার সমন্বয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
শনিবার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে শাহওয়ালী উল্লাহ আইডিয়াল মাদরাসা অ্যান্ড গ্রামার স্কুলের দুই যুগপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, লেখাপড়ায় সফলতা অর্জনের জন্য সাধনা, অধ্যবসায় ও নিরলস প্রচেষ্টার বিকল্প নেই। শৈশবে শিশুরা যে শিক্ষা ও আদর্শের সঙ্গে পরিচিত হয়, তা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের চিন্তাভাবনা, স্বপ্ন ও ব্যক্তিত্ব গঠনে প্রভাব ফেলে।
তাই শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, নৈতিকতা, আত্মিক শুদ্ধি, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক ও আত্মিক উন্নয়ন নিশ্চিত করা শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত।
এর মাধ্যমে ভবিষ্যতে তারা পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা সমস্যা সমাধানে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবে। শিক্ষাব্যবস্থার সংস্কার ও নৈতিক শিক্ষার প্রসারে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব শায়খুল হাদিস মুসা বিন ইজহার। বিশেষ অতিথি ছিলেন দলটির চট্টগ্রাম মহানগরের আমির শায়খুল হাদিস মাওলানা জিয়াউল হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা আনোয়ার হোসেন রব্বানী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী স্কলার মাওলানা নূরুল আমিন মেহদী, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, চট্টগ্রাম তালিমুন্নিসা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মনজুর কাদের, কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ক্বারী ফজলুল করিম জিহাদী, খলিফাপট্টি বণিক কল্যাণ সমিতির সভাপতি খন্দকার নুরুল ইসলাম, পদুয়া মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা মাহমুদুল হক, ব্যবসায়ী মাওলানা আনোয়ার শাহ চৌধুরী, মুহাম্মদ জয়নাল আবেদীন ও মাওলানা ইরফান হালিম।


