পাবনার চাটমোহরে জোড়া মাথা নিয়ে জন্ম নেয়া শিশু রাবেয়া ও রোকেয়ার অস্ত্রোপচারের প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টায় এ্যানেসথেশিয়া এবং রক্তনালীর পৃথক অবস্থান জানতে সক্ষম হয় ঢাকা মেডিকেলের ২১ সদস্যের বিশেষজ্ঞ বোর্ড।
আজ মূলত দুই শিশুর মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বিষয়টি পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এমন জটিল অস্ত্রোপচারের উদ্যোগ বাংলাদেশে প্রথম হলেও তারা আশাবাদী।
এক বছর ৭ মাস বয়সী যমজ রাবেয়া ও রোকেয়া গেলো ২১ ফেব্রুয়ারি থেকে ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি আছে।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, এটা খুবই প্রাথমিক পর্যায়। আমাদের অনেক অনেক দূর যেতে হবে। বুধবার একজনের মস্তিষ্কের রক্তনালী বন্ধ করে দেয়া হবে। চিকিৎসকরা দেখবেন, নতুন রক্তনালী তৈরি হয় কি-না।
ডা. সামন্ত লাল জানান, রাবেয়া ও রোকেয়াকে প্রথম দফা ঢাকা মেডিকেলে আনার পরই ১৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরে তাদের সঙ্গে যোগ দেন হাঙ্গেরির দুইজন নিউরো সার্জন।
২০১৬ সালের জুলাই মাসে পাবনা শহরের একটি ক্লিনিকে জন্ম হয় শিশু রাবেয়া ও রোকেয়ার। জন্ম থেকেই তাদের মাথা জোড়া লাগানো। উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের স্কুল শিক্ষক রফিকুল ইসলাম ও তাসলিমা দম্পতির দ্বিতীয় সন্তান রাবেয়া-রোকেয়া।
