বাঁশখালীর কালীপুর ইউনিয়নের ব্রাহ্মণ দিঘী এলাকায় গত সোমবার রাতে ছিনতাইরত অবস্থায় ৬ ছিনতাইকারীকে আটক করেছে করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, লোহার রড ভর্তি একটি ট্রাক বাঁশখালী প্রধান সড়ক হয়ে মহেশখালী যাওয়ার সময় কালীপুর ব্রাহ্মণ দিঘী এলাকায় পৌঁছলে ধৃত ওই ছিনতাইকারী দলের সদস্যরা একটি সিএনজি অটোরিঙা সামনে দিয়ে গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা ওই ট্রাক চালক তোফায়েল আহমদের কাছ থেকে ৩ হাজার ৮২৫ টাকা ছিনতাই করে নেয় এবং পর্যায়ক্রমে আরো কয়েকটি গাড়ি গতিরোধ করে ছিনতাই করতে থাকে। খবর পেয়ে বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন দ্রুত থানা পুলিশকে ঘটনাটি অবগত করলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ছিনতাইকারী দলের ৬ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ধৃতরা হলো, কালীপুর ইউনিয়নের ওমর আলীর পুত্র রাফি (২৩), মোস্তফা আলীর পুত্র তারেক (২৮), বৈলছড়ি ইউনিয়নের নুরুল ইসলামের দুই পুত্র মো. ফয়সাল (১৯) ও মো. রাসেল (২১), শের আলীর পুত্র ছমি উদ্দিন (১৮) ও খালেদের পুত্র মিনহাজ (২২)।
এ সময় তাদের কাছ থেকে দা, ছুরি, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, ছিনতাইকালে ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
