চট্টগ্রাম: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পগুলো অত্যন্ত দ্রুতগতিতে বাস্তবায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে নগরের লালখান বাজার মোড়ে নবনির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের তৎপরতা প্রশংসনীয়। সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকে চট্টগ্রামকে বদলে দিতে দিনরাত কাজ করে যাচ্ছেন।
চট্টগ্রামের মানুষের প্রয়োজনে যেকোনো উন্নয়ন কর্মকাণ্ডের প্রস্তাব দেওয়া হলে তিনি নিজ দায়িত্বে তা অনুমোদনের ব্যবস্থা করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, লালখান বাজার ও ইস্পাহানি মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।
এই দাবিতে প্রধান অতিথির নেতৃত্বেই একসময় মানববন্ধন হয়েছিল। অবশেষে সেতুটি চালুর মধ্য দিয়ে সেই দাবি পূরণ হলো।
তিনি জানান, আগামী ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী সিডিএর বাস্তবায়িত শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক, আউটার রিং রোড এবং কালুরঘাট থেকে চাক্তাই সংযোগ সড়ক উদ্বোধন করবেন। এসব মেগা প্রকল্প চালু হলে চট্টগ্রামের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
প্রকল্প সূত্রে জানা যায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প প্রকল্পের অর্থায়নে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৩৯ দশমিক ৪২ মিটার, প্রস্থ প্রায় ২ দশমিক ৫ মিটার এবং উচ্চতা প্রায় ৬ দশমিক ১ মিটার। পথচারীদের ওঠানামার জন্য এতে তিনটি প্রবেশ ও বের হওয়ার পথ রাখা হয়েছে।
শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিডিএ সচিব নুর-এ জান্নাত রুমিসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।


