চট্টগ্রাম : বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পাটপণ্যের ব্যবহার বাড়াতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী এ. বেরিস একিনজি আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্যাভিলিয়নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী তুরস্কের সফলভাবে কপ-৩১ আয়োজনের প্রশংসা করেন।
পাশাপাশি তুরস্কের ফার্স্ট লেডির পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘জিরো ওয়েস্ট’ উদ্যোগের প্রশংসা করে বাংলাদেশের ত্রিমাত্রিক বর্জ্য ব্যবস্থাপনা কৌশল-রিডিউস, রিইউজ ও রিসাইকেলের সঙ্গে এর সামঞ্জস্য তুলে ধরেন।
শামা ওবায়েদ প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও পচনশীল পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে তুরস্কের সহযোগিতা চান।
তিনি তুরস্কের উপমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠক শেষে তুরস্কের উপমন্ত্রীকে পাটের তৈরি হস্তশিল্প উপহার দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


