চট্টগ্রাম: বিশ্বের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের যত্ন নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। তাঁরা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোকে পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে মরহুম আব্দুল্লাহ আল নোমান স্মৃতি সংঘের উদ্যোগে নগরের পূর্ব নাসিরাবাদে ওমর গনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অরবিট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ৩০০টি ভেষজ, ফলদ ও ফুলের চারা বিতরণ করা হয়। চারা বিতরণের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ওমর গনি এমইএস কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক আ হ ম সরওয়ার আলম। বক্তব্যে তিনি বলেন, একটি সুন্দর, সবুজ ও শ্যামল বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া চারাগুলো যত্নে বড় করতে হবে। আজকের ছোট চারাগাছ একদিন বড় হয়ে মানুষের উপকারে আসবে। মানুষ প্রতিদিন যে অক্সিজেন গ্রহণ করে, তার অন্যতম উৎস বৃক্ষ। সুন্দর, সুফলা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব প্রকৌশলী জমির উদ্দিন নাহিদ। তিনি বলেন, মানুষ দৈনন্দিন জীবনে গাছ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে। অন্যদিকে বৃক্ষ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। তাই মানুষের জীবনে বৃক্ষ অপরিহার্য। শিক্ষা জাতির মেরুদণ্ড—এই সত্যকে প্রতিষ্ঠিত করতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি সফল করতে দেশের প্রত্যেক মানুষকে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা করতে হবে। কার্বন নিঃসরণের কারণে পরিবেশের যে ভারসাম্য নষ্ট হচ্ছে, তা রক্ষায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহীন আল রাজী, খুলশী থানা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম লেদু, ওমর গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাম্মী আক্তার এবং চট্টগ্রাম মহানগর জিয়া সাইবার ফোর্সের সভাপতি আবু আহমেদ মিয়া। মরহুম আব্দুল্লাহ আল নোমান স্মৃতি সংঘের সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য জাবেদ সাফায়েত সুবহানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জুনায়েদ বাবুল। এতে আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন বাবু, সাজ্জাদ চৌধুরী, নিজামুদ্দিন মিন্টু, মোয়াজ্জেম হোসেন রানা, সাজ্জাদ হোসেন টিপু ও মোহাম্মদ জাবেদ প্রমুখ।


