চট্টগ্রাম: নগরের তিনটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে স্পিড ক্যামেরা ব্যবহার করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। প্রাথমিকভাবে বায়েজিদ লিংক রোড, সিটি আউটার রিং রোড ও শাহ আমানত সেতু সংযোগ সড়কে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালানো হবে।
এ জন্য সিএমপিকে সাতটি অত্যাধুনিক লেজার স্পিড ক্যামেরা দিয়েছে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, চট্টগ্রামে ৪৪ শতাংশের বেশি যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করে চলাচল করে। অতিরিক্ত গতির কারণে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ১০ থেকে ১২ নভেম্বর পুলিশ সদস্যদের তিন দিনব্যাপী স্পিড ক্যামেরা পরিচালনার প্রশিক্ষণ দেয় জিআরএসপি। প্রশিক্ষণে এলটিআই ২০/২০ ট্রুক্যাম-২ মডেলের ক্যামেরা পরিচালনা, রক্ষণাবেক্ষণ, ত্রুটি শনাক্ত ও সড়কে ব্যবহারিক প্রয়োগ শেখানো হয়।
প্রশিক্ষণ শেষে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, আইন প্রয়োগে পুলিশ সদস্যদের নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। গতিসীমা নিয়ন্ত্রণ কার্যক্রম প্রাণঘাতী দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, সাতটি স্পিড ক্যামেরা সিএমপির সক্ষমতা বাড়াবে। এর মাধ্যমে অতিরিক্ত গতি শনাক্ত ও নিয়ন্ত্রণ সহজ হবে।


