কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে রাঙামাটির কাপ্তাই হ্রদের সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সেইসঙ্গে ভারি বৃষ্টিপাতের আশঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত লোকজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়েছেন।

জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক রাঙামাটিতেও মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্যে এই সিদ্ধান্ত সকলকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।