যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট দল বিপুল ব্যবধানে জয়ী হওয়ার পর নবনির্বাচিত ডেমোক্রেটিক সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের কাছে বেশিরভাগ মার্কিন নাগরিকের প্রধান প্রত্যাশাই হলো—ইরানের সাথে চলমান যুদ্ধ বন্ধ করা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত আমদানি শুল্কগুলো বাতিল করা।
গতকাল সোমবার (৯ নভেম্বর) শেষ হওয়া বার্তাসংস্থা রয়টার্স ও জরিপসংস্থা ইপসোস-এর চার দিনব্যাপী এক সমীক্ষায় দেখা গেছে, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে আকাশচুম্বী হওয়া জীবনযাত্রার ব্যয় দ্রুত নিয়ন্ত্রণে আনতেই নাগরিকেরা নতুন আইনসভার কাছ থেকে শিগগিরই কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন আমেরিকানরা।
জরিপের ফলাফলে দেখা যায়, মার্কিন নাগরিকদের ৭১ শতাংশ—যার মধ্যে ৯৩ শতাংশ ডেমোক্র্যাট এবং ৫১ শতাংশ রিপাবলিকান সমর্থক—চান যে, আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে চলা নতুন কংগ্রেস যেন ইসরায়েলকে সাথে নিয়ে ট্রাম্পের শুরু করা ইরান যুদ্ধ অবিলম্বে স্থায়ীভাবে বন্ধে আইন পাস করে।
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে উচ্চ মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রে শুরু থেকেই চরম অজনপ্রিয় এই যুদ্ধের বিরুদ্ধে জনগণ রায় দেওয়ায়, অন্তত ২০০৮ সালের পর সিনেট ও প্রতিনিধি পরিষদে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্রেটিক পার্টি। আগামী ২০২৭ সালের ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথ নিয়ে নতুন কংগ্রেস দায়িত্ব গ্রহণ করবে।
রয়টার্স/ ইপসোসের জরিপে অংশ নেওয়া ৬২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা ট্রাম্প প্রশাসনের বিভিন্ন দেশের ওপর আরোপিত অতিরিক্ত আমদানি শুল্ক পুরোপুরি রদ বা বাতিল করার উদ্যোগকে সমর্থন করবেন।
ইরানের সাথে গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের কারণে, বিশ্ববাজারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারেও জ্বালানি তেলের দাম মারাত্মকভাবে বেড়েছে। এই ঘটনা শত শত আমদানিকৃত পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের বসানো অতিরিক্ত শুল্কের ফলে তৈরি হওয়া মূল্যস্ফীতিকে আরও উসকে দিয়েছে। যদিও ট্রাম্প এই যুদ্ধকে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন নির্বৃত্ত রাখার জন্য অপরিহার্য এবং শুল্ককে দেশীয় শিল্প সুরক্ষার উপায় হিসেবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন।
ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতারা ইতোমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছেন যে, তারা কংগ্রেসের নিয়ন্ত্রণে এসে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন এবং ইরান যুদ্ধ বন্ধে সর্বোচ্চ চেষ্টা চালাবেন।
দ্বিপাক্ষিক সহযোগিতার তাগিদ
জরিপে উভয় রাজনৈতিক দলের সমর্থকরাই দ্বিপাক্ষিক ঐকমত্যের ওপর বিশেষ জোর দিয়েছেন। ৯০ শতাংশের বেশি ডেমোক্র্যাট ও রিপাবলিকান মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে নতুন কংগ্রেসের ডেমোক্র্যাট নেতাদের সাথে মিলে কাজ করা, এবং ডেমোক্র্যাটদেরও উচিত হবে প্রেসিডেন্টের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
১০ জনের মধ্যে ৯ জন উত্তরদাতা মনে করেন, নতুন কংগ্রেসের প্রথম ১০০ দিনের কর্মসূচিতে মূল মনোযোগ কেন্দ্রীভূত হওয়া উচিত জীবনযাত্রার ব্যয় কমানোর ওপর। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণ, অভিবাসন সংস্কার বা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোকে প্রথম ১০০ দিনে শীর্ষ অগ্রাধিকার দেওয়ার পক্ষে সে তুলনায় কমসংখ্যক নাগরিকই মত দিয়েছেন।
ট্রাম্পকে অভিশংসনে অনীহা
যদিও ডেমোক্র্যাটদের হাতে বিপুল ক্ষমতা এসেছে, তবুও অনেক আমেরিকান উদ্বিগ্ন যে তারা এই নতুন ক্ষমতা ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করতে ব্যবহার করতে পারে।
জরিপে অংশ নেওয়া ৪২ শতাংশ নাগরিক মনে করেন নতুন কংগ্রেস ট্রাম্পকে অভিশংসনের চেষ্টা করলে তা “দেশের জন্য ক্ষতিকর” হবে। বিপরীতে ৩৩ শতাংশ বলেছেন, এটি দেশের জন্য ভালো হবে। বাকি উত্তরদাতারা এ বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন।
এছাড়া স্বাস্থ্যসেবার খরচ কমানোর উপায় এবং ট্রাম্প কিংবা তাঁর মন্ত্রিসভার সদস্যদের অভিশংসন করা হবে কি না—তা নিয়ে ডেমোক্র্যাটদের ভেতরেও মতভেদ রয়েছে। রিপাবলিকান এক আইনপ্রণেতার এক প্রস্তাবের পর, এ সপ্তাহেই প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রতিনিধি পরিষদে অভিশংসন ভোটের মুখোমুখি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনের পর ট্রাম্প ডেমোক্র্যাটদের সাথে মানিয়ে চলার ইঙ্গিত দিলেও, ডেমোক্যাট দলকে প্রকাশ্যে ‘অভ্যন্তরীণ চরমপন্থী গোষ্ঠী আখ্যা দেওয়া কট্টরপন্থী উপদেষ্টা স্টিফেন মিলারকে তাঁর নতুন হোয়াইট হাউস চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন।
সর্বশেষ এ জরিপে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩২ শতাংশে নেমে এসেছে—যা তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম সর্বনিম্ন। তবে ডেমোক্র্যাটদের অবস্থানও খুব একটা সুসংহত নয়; ৪৫ শতাংশ আমেরিকান ডেমোক্র্যাটদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করলেও— ৫১ শতাংশ নেতিবাচক ধারণা পোষণ করেন। অন্যদিকে, রিপাবলিকানদের পক্ষে ইতিবাচক ধারণা পোষণ করেন মাত্র ৩৫ শতাংশ এবং ৬০ শতাংশ তাদের নেতিবাচকভাবে দেখেন।
অনলাইনে যুক্তরাষ্ট্র জুড়ে পরিচালিত এই জরিপে ১,৭০৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক অংশ নেন।


